খবর লাইভ : শিশির অধিকারীর ‘সাংসদপদ’ বাঁচাতে এবার আসরে নামলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘শিশিরবাবু আমাদের দলে যোগ দিয়েছেন বলে জানা নেই। ইস্যুভিত্তিক সমর্থন করে থাকতে পারেন। কিন্তু আমাদের পার্টিতে যোগ দিয়েছেন, আমাদের মঞ্চে ভাষণ দিয়েছেন এরকম তথ্য আমার জানা নেই।’ বঙ্গ বিজেপি সভাপতির এমন উদ্ভট দাবি নিয়ে রঙ্গ রসিকতায় মেতে উঠেছেন নেটানাগরিকরা।
রাজ্যে বিধানসভা ভোটের মুখে গত ২১ মার্চ পূর্ব মেদিনীপুরের এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় হাজির হয়েছিলেন কাঁথির তৃণমূল সাংসদ শিশির অধিকারী। ওই মঞ্চে দাঁড়িয়ে বর্ষীয়ান নেতাকে স্বাগত জানিয়েছিলেন রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। মঞ্চে দাঁড়িয়ে ‘জয় শ্রীরাম’ স্লোগানও দেন তিনি। অমিতের মঞ্চে হাজির থাকার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ‘দলবদলু’ কাঁথির সাংসদ বলেও ফেলেছিলেন, ‘অমিত শাহজিকে বলেছি, অত্যাচারীদের হাত থেকে বাংলাকে বাঁচান। আমরা আপনাদের পাশে আছি।’ তৃণমূল সাংসদ পদ থেকে ইস্তফা না দিয়ে বিজেপির মঞ্চে হাজির হওয়া নিয়ে চ্যালেঞ্জের সুরে শিশির এও বলেছিলেন, ‘সাংসদ পদ থেকে ইস্তফা দেব না। ওরা (তৃণমূল নেতৃত্ব) যা পারে, তাই করুক।’
দলের বেশ কিছু সাংসদ-বিধায়ক-নেতার ইদানিং বেসুরো হওয়া নিয়ে এদিন বিজেপির রাজ্য সভাপতি বলেন, ‘কিছু-কিছু নেতা ভেবেছিলেন, বিজেপি এবার জিতবে। তাই দলে এসেছিলেন। তা না হওয়ায় এখন নানা কথা বলছেন। এ রকম আরও অনেকে বলবেন। তাতে বিজেপির কিছু যায় আসে না।’ দলত্যাগী মুকুল রায়কে বিধায়ক পদে ইস্তফা দেওয়ারও অনুরোধ জানিয়েছেন দিলীপ ঘোষ।




