খবর লাইভ : গতকালই ঘরওয়াপসি হয়েছেন মুকুল রায়। খাতায় কলমে তিনি এখনও বিজেপি বিধায়ক। শুধু মুকুল একা নন ফিরেছেন তাঁর পুত্র শুভ্রাংশু রায়ও। এই প্রসঙ্গে কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ? আজ সরাসরি প্রাক্তন সতীর্থকে আক্রমণ করে বসলেন বিজেপির রাজ্য সভাপতি।
এদিন সকালেই নিউটাউনে প্রাতঃভ্রমণে বেরিয়ে মুকুল প্রসঙ্গে দিলীপ বলেন, ‘কিছু লোক ধান্দবাজি করতে বিজেপিতে এসেছিলেন। যাঁরা ঝামেলা করতে চান, তাঁরা দলে থাকতে পারবেন না। থাকতে দেবোও না। মুকুল রায় তৃণমূল ছেড়ে এলে যদি তৃণমূলের ক্ষতি না হয়, তা হলে বিজেপি ছেড়ে গেলেই বা বিজেপির কেন ক্ষতি হবে? কিছু নেতা দলবদলকে অভ্যাসে পরিণত করে ফেলেছেন। সেটা তাঁদের ব্যাপার।’ বিজেপিতে যোগদানের পর থেকেই দিলীপ-রাহুল সিনহাদের পছন্দের তালিকায় ছিলেন না মুকুল। তাঁর ব্যাপারে কিছু জিজ্ঞাসা করা হলে, দিলীপ বলতেন উনি কেন্দ্রের নেতা, কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করবে। রাজ্যের বিজেপি নেতাদের জন্যই কোনও সাংগাঠনিক পদ পাননি মুকুল। তাই ২০১৯-এর লোকসভায় বড় জয়ের পরে কেন্দ্রে সর্বভারতীয় সহ সভাপতি পদ দিয়ে মুকুলকে কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
মুকুল ঘনিষ্ঠমহলে বারবার দাবি করেছেন, তাঁকে সম্মান দেয়নি বিজেপি। কিন্তু এদিন পাল্টা সেই দাবি নাকচ করে দিলীপ জানিয়েছেন, আমরা তাঁকে জীবনে প্রথমবার নির্বাচনে জেতার সুযোগ দিয়েছিলাম। অভিজ্ঞ নেতা, যা করেছেন ভেবেচিন্তেই করেছেন। দলবদলের ফলে ক্ষতি হবে বিজেপির? উত্তরে সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি জানিয়েছেন, বিজেপি সেই লোকদের উপর নির্ভর করে, যাঁরা রক্ত দিয়ে, ঘাম ঝরিয়ে দলকে দাঁড় করিয়েছেন তাঁদের ওপর। বিজেপিতে থাকতে হলে ত্যাগ-তপস্যা করতে হবে। যাঁরা ক্ষমতা ভোগ করতে চান, তাঁরা বিজেপিতে থাকতে পারবেন না। আমরাই রাখব না।




