National Special News

বিজেপিকে বড় ধাক্কা! শিরোমনি অকালি দল জোট বাঁধছে বসপার সঙ্গে

0
(0)

খবর লাইভ :

২০২২ পঞ্জাব বিধানসভা ভোট। ফের বিজেপির সঙ্গে জোট বেঁধে লড়াইয়ের রাস্তা পুরোপুরি বন্ধ করে দিল প্রকাশ সিং বাদল ও সুখবীর সিং বাদলের শিরোমনি অকালি দল। পরিবর্তে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট বেঁধে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন এনডিএ’র পুরনো জোটসঙ্গী দলের শীর্ষ নেতারা। শুক্রবারই চণ্ডীগড় পৌঁছেছেন বহুজন সমাজ পার্টির সাধারণ সম্পাদক সতীশ মিশ্র। আজ শিরোমনি অকালি দলের শীর্ষ নেতাদের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে। ওই বৈঠকের পরেই আনুষ্ঠানিকভাবে দুই দলের পক্ষ থেকে যৌথ সাংবাদিক সম্মেলনে জোট বেঁধে লড়ার কথা ঘোষণা করা হবে বলে সংবাদ মাধ্যম স‍ূত্রে খবর।
গত বছর মোদি সরকারের ‘সর্বনাশা’ কৃষি বিলের প্রতিবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় শিরোমনি অকালি দল। পরে বিজেপিকে ধাক্কা দিয়ে এনডিএ’র সঙ্গে সম্পর্কও চুকিয়ে দেন প্রকাশ সিং বাদলরা। তবে বিজেপি শীর্ষ নেতৃত্ব আগামী বছর বিধানসভা ভোটের কথা মাথায় রেখে পুরনো জোট সঙ্গীর সঙ্গে ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হয়েছিল। বেশ কিছু সূত্রের মাধ্যমে অকালি দলের শীর্ষ নেতৃত্বের কাছে ফের জোট গড়ার বার্তাও পৌঁছে দিয়েছিলেন তাঁরা। কিন্তু তাতে সাড়া দেননি বাদলরা।

উল্টে বিজেপির সঙ্গে জোটের রাস্তা বন্ধ করে দিয়ে মায়াবতীর বহুজন সমাজ পার্টির সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নিয়েছেন অকালি দলের শীর্ষ নেতারা। সূত্রের খবর, যেহেতু পঞ্জাবে ৩৩ শতাংশ দলিত ভোটার রয়েছেন এবং রাজ্যে ক্ষমতা দখলের ক্ষেত্রে নির্ণায়ক ভূমিকা নেন, সে কথা মাথায় রেখেই মায়াবতীর দলের সঙ্গে জোট গড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভার ১৮টি আসন বসপাকে ছাড়তে চাইছেন বাদলরা। যদিও মায়াবতী চান অন্তত ২৫ আসন ছাড়ুক অকালি দল। দুই দলের জোট চূড়ান্ত করতে এবং দলনেত্রীর বিশেষ বার্তা নিয়ে ইতিমধ্যে চণ্ডীগড় পৌঁছেছেন বসপার সাধারণ সম্পাদক সতীশ মিশ্র।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *