খবর লাইভ : এ যেন ‘ভূতের মুখে রামনাম!’ কিছুদিন আগেই অ্যালোপ্যাথি চিকিৎসার বিশ্বাসযোগ্যতা নিয়ে সওয়াল করে চিকিৎসকদের রোষানলে পড়েছিলেন তিনি। এমনকী করোনা টিকা নেওয়ার কোনও প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন। এবার সেই রামদেবেরই ভোলবদল। যোগগুরু জানান, শীঘ্রই তিনি টিকা নেবেন।পাশাপাশি চিকিৎসকদের ‘ভগবানের দূত’ বলেও মন্তব্য করলেন যোগগুরু।
হরিদ্বারে যোগগুরু বলেন, ‘আপনারা ভ্যাকসিনের দু’টি ডোজ নিয়ে নিন। সেই সঙ্গে যোগ ও আয়ুর্বেদের জোড়া সুরক্ষাতেও থাকুন। এর ফলে আপনারা সুরক্ষার এক বলয়ের মধ্যে থাকবেন। যার ফলে কাউকে আর করোনাতে প্রাণ হারাতে হবে না।’
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন, ২১ জুন থেকে সকলকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। মোদির এই পদক্ষেপকে ‘ঐতিহাসিক পদক্ষেপ’ আখ্যা দিয়েছেন যোগগুরু। এরপরই তাঁর কাছে জানতে চাওয়া হয়, তিনি কবে টিকা নেবেন। এর উত্তরেই রামদেব জানিয়ে দেন, ‘খুব শিগগিরি।’ সেই সঙ্গে তিনি অ্যালোপ্যাথি ডাক্তারদের প্রশংসা করে তাঁদের ‘পৃথিবীতে ঈশ্বর প্রেরিত দূত’ বলেও মন্তব্য করেন। আইএমএ ও তাঁর মধ্যে যে সংঘাত সেই প্রসঙ্গে রামদেব বলেন, ‘আমি কোনও সংস্থারই বিরুদ্ধে নই। চিকিৎসকরা সত্যিকারের দেবদূত। পৃথিবীতে ঈশ্বর প্রেরিত দূত তাঁরা। কিন্তু কোনও কোনও ডাক্তার ব্যক্তিগত ভাবে ভুল কাজ করতেই পারেন।’ তিনি মেনেও নেন, ‘জরুরি অবস্থায় চিকিৎসা ও শল্য চিকিৎসায় অ্যালোপ্যাথিই সেরা। এই নিয়ে কোনও দ্বিমত থাকতে পারে না।’ যদিও আগে তিনি বলেছিলেন, অ্যালোপ্যাথি চিকিৎসা মানে বোকামি।অ্যালোপ্যাথি যদি এতই ভাল হবে, তাহলে চিকিৎসকরা অসুস্থ হন কেন। প্রশ্ন তুলেছিলেন, অ্যালোপ্যাথি ২০০ বছরেও বহু রোগের ওষুধ তৈরি করতে পারেনি কেন?




