State

শীতলকুচির বুথে ২টি গুলির দাগ পেলেন ব্যালিস্টিক বিশেষজ্ঞরা

0
(0)

খবর লাইভ : বুথ লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছিল আগেই। প্রত্যক্ষদর্শীরা সিআইডিকে এই বিষয়ে বয়ান দিয়েছিলেন। এবার শীতলকুচির বুথে গিয়ে গুলির দাগ চিহ্নিত করলেন ব্যালিস্টিক বিশেষজ্ঞরা। কেন সিআইএসএফ জওয়ানরা সরাসরি বুথ লক্ষ্য করে গুলি চালিয়ে ছিলেন, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
গ্রামবাসী থেকে শুরু করে মাথাভাঙ্গা পুলিশ অফিসারদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। যদিও বেশ কয়েকবার ৬ কেন্দ্রীয় জওয়ানকে তলব করা হলেও, তারা হাজিরা এড়িয়ে গিয়েছেন বলে সিআইডি সূত্রে খবর। সোমবার বেলা ১২ টা নাগাদ তিন সদস্যের একটি দল শীতলকুচির জোরপাটকির বুথে পৌঁছন। ঘটনার পর থেকেই বুথে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ব্যালিস্টিক বিশেষজ্ঞরা বুথের ভেতরে ঢুকে প্রায় দু’ঘণ্টা ছিলেন। নমুনা সংগ্রহের পাশাপাশি বোঝার চেষ্টা করেন কতদূর থেকে গুলি চলেছিল? কোন দিক থেকে গুলি চালানো হয়েছিল? কোন ধরনের বুলেটের ক্ষত হয়েছে?
সূত্রের খবর, বুথের দরজার বাঁদিকের পাল্লায় ও ব্ল্যাকবোর্ডের ডান দিকের নিচের গুলির দাগ রয়েছে। ওই দুটি জায়গাকে চিহ্নিত করেন তারা। যদিও এই বিষয়ে ব্যালিস্টিক বিশেষজ্ঞরা সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে চাননি। শুধু বলেন, ‘সব বিষয়ে তদন্ত চলছে।’ এদিন দু’ঘণ্টা তদন্ত চলাকালীন বুথের ধারে কাউকে আসতে দেওয়া হয়নি।
রাজ্যে বিধানসভা ভোটের চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। তা নিয়ে উত্তাল হয় রাজ্য রাজনীতি। কেন গুলি চললো তা নিয়ে সরব হয় বিরোধী দলগুলি। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ওইদিনই ঘোষণা করেছিলেন, ক্ষমতায় ফিরলে এই ঘটনার তদন্ত হবে। সিআইডি বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *