খবর লাইভ : সোমবার সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল, দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিক কেন বিনামূল্যে টিকা পাবেন না? কেন্দ্রীয় বাজেটে টিকা কেনার জন্য বরাদ্দ করা হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা। সেই টাকা কোথায় গেল? এই নিয়ে কেন্দ্রের ওপর টানা চাপ তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যও। সুপ্রিমকোর্ট এবং রাজনৈতিক দলগুলির এই চাপের মুখে টিকা নীতিতে বড়োসড়ো পরিবর্তন আনল কেন্দ্র। নতুন এই টিকা নীতিতে কী পরিবর্তন এলো?
প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি গতকাল জানিয়েছেন, ২১ জুন থেকে ১৮ বছরের উর্ধ্বে সকলের জন্য রাজ্য সরকার গুলিকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। অর্থাৎ মোট টিকা উৎপাদনের ৭৫% প্রস্তুতকারক সংস্থা থেকে কিনে নেবে সরকার। শুধুমাত্র রাজ্য সরকারগুলিকে বিনামূল্যে টিকা দেবে কেন্দ্র। বেসরকারি হাসপাতালগুলো এখনও ২৫ % টিকা সরাসরি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার থেকে কিনতে পারবে। কেউ টাকা দিয়ে টিকা নিতে চাইলে বেসরকারি হাসপাতালে গিয়ে নিতে পারেন। সেখানে ভ্যাকসিনের নির্দিষ্ট দামের ওপর ১৫০ টাকার বেশি সার্ভিস চার্জ নেওয়া যাবে না।
এতদিন কী ছিল টিকা নীতি?
মোট টিকা উৎপাদনের ৫০% কেন্দ্র প্রস্তুতকারক সংস্থার থেকে কিনত ৪৫ বছর-তার বেশি ও ফ্রন্টলাইন ওয়ার্কারদের টিকাকরণের জন্য। সেই টিকা বিনামূল্যে রাজ্য সরকারকে দিত কেন্দ্র। আর বাকি ২৫% ১৮-৪৪ বছর বয়সীদের জন্য কিনতে পারতো রাজ্য। বাকি ২৫% বেসরকারি হাসপাতালগুলি কিনতে পারতো।
বিরোধীদের কী দাবি ছিল?
ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা থেকে কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কিনে তা রাজ্য সরকার গুলিকে দিক। এতে ভ্যাকসিনের ২৫% কেনা নিয়ে রাজ্যগুলির মধ্যে প্রতিযোগিতা বন্ধ হবে। টিকাকরণ কার্যকরের দায়িত্ব রাজ্যের উপর ছাড়া হোক। বিনামূল্যে টিকা পাওয়ার সুযোগ দেওয়া হোক প্রাপ্তবয়স্ক সব নাগরিককে।
শীর্ষ আদালতের কী প্রশ্ন ছিল?
৪৫ বছর এবং তার বেশি বয়সীদের জন্য বিনামূল্যে টিকা আর বাকিদের টিকাকরণের জন্য রাজ্য সরকারকে টিকা কিনতে হবে। এটা কেমন অযৌক্তিক নীতি? ২০২১ এর মধ্যে টিকা কীভাবে? রোডম্যাপ তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছিল কেন্দ্রকে।
তবে নতুন এই নীতির পর বেশ কিছু ধোঁয়াশা থেকেই যাচ্ছে। নতুন নীতির ফলে রাজ্য সরকার গুলির খরচের বোঝা কমবে। কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিনের যোগান নিশ্চিত হবে কি? আগে কেন্দ্র পর্যাপ্ত ভ্যাকসিন না পাঠালে রাজ্য সরকার গুলির কেনার সুযোগ ছিল। সেই পথ বন্ধ? রাজ্যের ভ্যাকসিনের যোগান কেন্দ্রের হাতে থাকলে টিকাকরণ এর গতি কি আরও কমে যাবে না? আপাতত এই সব প্রশ্ন উঁকি দিচ্ছে সাধারণ মানুষের মনে। ২১ জুন নতুন টিকা নীতি শুরু হলে সেই প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে।




