খবর লাইভ : করোনার দ্বিতীয় ধাক্কায় মুশকিলে পড়েছে দেশের ছোট ও মাঝারি শিল্প সংস্থাগুলি। নগদের অভাবে কর্মীদের মাস মাইনে দিতেই মালিকদের নাভিশ্বাস। এই পরিস্থিতিতে কর্মীদের হাতে নগদের যোগান বাড়াতে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তোলার বিধি শিথিল করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (ইপিএফও)।
কর্মীরা তাদের ইপিএফ তহবিলে জমা অর্থের ৭৫% অথবা তার তিন মাসের বেতন, এরমধ্যে যেটি কম অগ্রিম হিসেবে তুলে নিতে পারেন এবং ওই টাকা তাদের ইপিএফকেও ফেরত দিতে না হয়, সেই ব্যবস্থা ঘোষণা করল ইপিএফও। এতদিন পর্যন্ত নির্দিষ্ট কিছু কারণে একজন ইপিএফ তহবিল থেকে অগ্রিম তুলে নিতে পারতেন কিন্তু চাকরির মেয়াদের মধ্যেই ওই টাকা ফেরত দিতে হতো। শ্রম ও রোজগার মন্ত্রক জানিয়েছে, করোনার সময় ইপিএফও- কর্মীদের হাতে নগদের যোগান বাড়ানোর এই প্রক্রিয়া তাদের পক্ষে সহায়ক হয়েছে। এই সিদ্ধান্তের ফলে ১৫ হাজার টাকার কম বেতন পান এমন কর্মীদের বিশেষ উপকার হয়েছে। যেসব কর্মী করোনার প্রথম ঢেউয়ের সময় ইপিএফ থেকে অগ্রিম তুলে নেওয়ার সুবিধা নিয়েছেন, তারা দ্বিতীয়বারও এই সুবিধা নিতে পারেন। এর জন্য নিয়মে নতুন কোনও বদল হচ্ছে না।




