খবর লাইভ : শুক্রবার কাকভোরে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াই। আর সেই লড়াইয়ে বড়সড় সাফল্য পেল মহারাষ্ট্র পুলিশ। এনকাউন্টারে নিকেশ ১৩ জন মাওবাদী। এখনও চলছে তল্লাশি অভিযান।
গোপন সূত্রে খবর পেয়ে নাগপুরের বিদর্ভে অভিযান চালায় পুলিশ। তাদের কাছে খবর যায়, তেন্দু পাতার চুক্তি নিয়ে গড়চিরোলির পায়দি-কোটমি জঙ্গলের কাছে একটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলতে আসার কথা কাসানসুর দালামের মাওবাদী নেতাদের। সেই অনুযায়ী গোটা এলাকায় ছেয়ে যায় পুলিশ। কথামতো সেখানে মাও নেতারা এলে শুরু হয় গুলির লড়াই। ঘটনাস্থল থেকে এখনও পর্যন্ত মোট ১৩ জনকে উদ্ধার করা হয়েছে।
ডিআইজি সন্দীপ পাতিল জানিয়েছেন, সকালে দুই তরফের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এখনও পর্যন্ত ১৩ জন মাওবাদীর দেহ পাওয়া গেছে। আরও অনেকে মারা যেতে পারে বলে মনে করা হচ্ছে। এটা অবশ্যই মহারাষ্ট্র পুলিশের বড় সাফল্য।




