খবর লাইভ : রিপোর্ট কোভিড নেগেটিভ। অথচ উপসর্গগুলি কোভিড রোগীর মতই। ব্ল্যাক ফাঙ্গাস নয়। তারচেয়েও ভয়ঙ্কর কিছু। সাদা ছত্রাক বা হোয়াইট ফাঙ্গাস। বিহারে এমন বেশ কয়েকজন রোগীর সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার সব রাজ্যকে কেন্দ্র জানায়, ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী আইনের আওতায় নিয়ে আসতে। এরই মধ্যে হাজির নতুন বিপদ। বাংলার প্রতিবেশী রাজ্য বিহার সহ একাধিক রাজ্যে খোঁজ মিলেছে এই সাদা ছত্রাকের। প্রাথমিকভাবে আশঙ্কা হোয়াইট ফাঙ্গাস কিন্তু ব্ল্যাক ফাঙ্গাসের থেকেও ভয়াবহ হতে পারে। পাটনাতে চার জন রোগীর দেহে সাদা ছত্রাক মিলেছে। তাঁদের মধ্যে একজন খ্যাতনামা চিকিৎসকও রয়েছেন। যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের বেশিরভাগেরই কোভিড রিপোর্ট নেগেটিভ। কিন্তু উপসর্গগুলি কোভিডের মতোই।
বিশেষজ্ঞরা বলছেন, সাদা ছত্রাকের প্রকোপে হাতের নখ, চামড়ায় সংক্রমণ ছড়াতে পারে। পাকস্থলি, কিডনি, মস্তিষ্ক, মুখগহ্বর এমনকি যৌনাঙ্গেও এর সংক্রমণ ছড়ায়। এমনকি ফুসফুস পর্যন্ত ছড়াতে পারে এই সংক্রমণ। একমাত্র HRCT করার পরই এই সংক্রমণ টের পাওয়া যায়।
কাদের বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা? যাঁরা দীর্ঘদিনের ডায়াবিটিস রোগী, তাঁদের শরীরে সহজেই বাসা বাঁধতে পারে এই ফাঙ্গাস। যাঁরা নিয়মিত স্টেরয়েড নেন, তাঁদের শরীরেও স্টেরয়েড রেজিস্ট্যানস তৈরি হয়ে বাসা বাঁধতে পারে সাদা ছত্রাক। তবে যাঁদের শরীরে স্টেরয়েডের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, তাঁদের ক্ষেত্রে সাদা ছত্রাকের চিকিৎসা করা কঠিন বলে মানছেন বিশেষজ্ঞরা।




