খবর লাইভ : করোনার দাপটে স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু সেখানেও বিপত্তি ঘটতে দেখা যাচ্ছে। অনলাইনে ক্লাস নিতে এসে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু এক শিক্ষিকার। মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে। তার ভিত্তিতেই বিচার বিভাগীয় তদন্তের পর এফআইআর দায়ের করা হয়েছে স্কুলের প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জম্মুতে। এখানকার সেন্ট মেরিজ কনভেন্ট সেকন্ডারি স্কুলের সঙ্গীত চর্চার শিক্ষিকা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় কয়েক দিন আগে। লকডাউন পরিস্থিতিতে তাঁকে অনলাইনে ক্লাস নিতে স্কুলে ডাকা হয়েছে কেন এই নিয়ে অভিযোগ করতেই বিষয়টি খতিয়ে দেখে প্রশাসন। তারপরই মহামারী আইন ও বিপর্যয় মোকাবিলা আইন মোতাবেক এফআইআর দায়ের করা হয় স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে।
উল্লেখ্য বহু শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন মাধ্যমে ক্লাস শুরু করেছে। শিক্ষকদের বাড়িতে থেকেই ক্লাস করানো হচ্ছে আবার কোথাও স্কুলে গিয়েও ক্লাস নিতে হয়। এখন স্কুলে গিয়ে ক্লাস নেওয়ার ফলে করোনা আক্রান্ত হলেই দায়ী হতে হবে স্কুল কর্তৃপক্ষকে। বাড়িতে, দোকানে, বাজারে কিংবা রাস্তায় কোথাও করোনা আক্রান্ত হবার সম্ভাবনা থাকলেও কিন্তু অভিযুক্ত করা হবে স্কুলকেই। জম্মুর এই ঘটনার প্রভাব পড়তে পারে সেইসব শিক্ষা প্রতিষ্ঠানেও যেখানে অনলাইনে ক্লাস চলছে। এমনই আশঙ্কায় ভুগছেন বহু অভিভাবক।




