খবর লাইভ : দুপুরেই সন্ধের মতো অন্ধকার। কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। প্রায় ঘণ্টা দুয়েকের বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা। পার্শ্ববর্তী জেলাতেও একই চিত্র। দুই ২৪ পরগনা, হুগলি, মালদাতেও ব্যাপক বৃষ্টি হয়েছে। যার জেরে ক্ষতি হয়েছে আম চাষে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। ১৩ মে থেকে বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে।
বেশ কয়েকদিন ধরেই হাঁসফাঁস গরম। রীতিমতো দমবন্ধ হয়ে আসার জোগাড়। এরই মধ্যে কিছুটা স্বস্তি দিয়ে নাগাড়ে বৃষ্টি। প্রায় ঘণ্টা দুয়েক ধরে মুষুলধারায় বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়। শহরের আকাশে ৮ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত মেঘপুঞ্জ। সেই মেঘপুঞ্জ দাঁড়িয়ে প্রায় একই জায়গায়। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পশ্চিম মধ্যপ্রদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিস্তৃত রাজ্যের হিমালয় সংলগ্ন এলাকার ওপর। এছাড়াও দক্ষিণ -পশ্চিম বাতাসের সঙ্গে পশ্চিমী বায়ুর সংঘর্ষের জেরে উত্তর- পূর্ব ভারত ও এরাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।
তবে এই স্বস্তি আদৌও স্থায়ী হল না। কারণ স্বস্তির বদলে হল বিপরীত! টানা বৃষ্টির জেরে জলমগ্ন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা। এমনকি বেশ উঁচু হাইকোর্ট চত্বরেও কিছুক্ষণের মধ্যে জল দাঁড়ায়। তবে সেই জল তাড়াতাড়ি সরেও যায়। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ এখনও পর্যন্ত বৃষ্টি হয়েছে দত্তবাগানে ৮২ মিমি, ঠনঠনিয়াতে ৮৮ মিমি, ধাপায় ৮৬ মিমি, চিংড়িঘাটায় ৬৮ মিমি। সেই সঙ্গে আবহাওয়াবিদদের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি চলবে। এরপর ১৩ মে থেকে তা কমার সম্ভাবনা রয়েছে।




