খবর লাইভ : গাজাতে ইজরায়েলের বিমান হামলায় কয়েকজন শিশুসহ অন্তত ২০ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর জখম হয়েছেন অর্ধ শতাধিক মানুষ।
আলজাজিরা সূত্রে খবর, গত শুক্রবার থেকে জেরুজালেমের আল-আকসা মসজিদ সংলগ্ন এলাকায় ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এরপরই গাজার হামাস অধ্যুষিত উপকূলবর্তী এলাকা থেকে ইজরায়েলের বিভিন্ন স্থান লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাস জঙ্গিরা। পাল্টা জবাব দিতে ইজরায়েল গাজার বিভিন্নস্থানে বিমান হামলা চালায়। সেই হামলায় মারা গিয়েছেন কমপক্ষে ২০ জন। প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে।
গাজাতে বিমান হামলা প্রসঙ্গে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হামাস সহ্যের সীমা অতিক্রম করেছে। তাই পাল্টা জবাব দিতে হচ্ছে। যারা আমাদের ওপর আক্রমণ চালাবে, তাদের অবশ্যই কড়া মূল্য দিতে হবে।
তবে শুধু বিমান হামলায় নয়, জেরুজালেমের আল-আকসা মসজিদে ঢুকে নিরস্ত্র প্যালেস্তিনীয় নাগরিকদের ওপর তান্ডব চালানোরও অভিযোগ উঠেছে ইজরায়েল সেনা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। রবার বুলেট, টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়। ওই ঘটনায় বহু প্যালেস্তিনীয় নাগরিক গুরুতর জখম হন।




