খবর লাইভ : বিশ্বব্যাপী করোনা মহামারীর জেরে বেশ কয়েকটি দেশের পর এবার ভারতীয়দের শ্রীলঙ্কায় ঢোকা নিষিদ্ধ ঘোষণা করা হল। এর আগে অস্ট্রেলিয়া, সংযুক্ত আরব আমিরশাহী ও ব্রিটেন থেকে শ্রীলঙ্কায় প্রবেশ নিষেধ করা হয়েছিল। শ্রীলঙ্কাকে নিয়ে এখনও পর্যন্ত অন্ততঃ ৬টি দেশ ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ করেছে। ভারতে বাড়তে থাকা সংক্রমণের হারই এই সিদ্ধান্তের কারণ। স্বাস্থ্যমন্ত্রকের পরামর্শ মেনে শ্রীলঙ্কার এয়ারলাইন্সও এক বিবৃতিতে ভারত থেকে পর্যটকদের বিমান যাত্রা বন্ধ করার ঘোষণা করেছে। এদিকে, ভারতে করোনার দ্বিতীয় ধাক্কায় মড়ক লেগেছে দেশে। প্রতিদিনই হচ্ছে রেকর্ড সংক্রমণ। ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ লক্ষ ১২ হাজার ২৬২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এক দিনে আক্রান্তের নিরিখে এই সংখ্যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৮০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০।




