খবর লাইভ : করোনা সংক্রমণের চেন ভাঙতে লকডাউনই একমাত্র ভরসা। এমনই মনে করছেন শীর্ষ মার্কিন মহামারী বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি।
দেশজুড়ে হাহাকার, প্রতিদিনই বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃতের সংখ্যাও। এই অবস্থায় পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আংশিক লকডাউন। শুধু পশ্চিমবঙ্গ নয় মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থানের মতো একাধিক রাজ্যই লকডাউনের পথে হেঁটেছে। এই অবস্থায় দেশজুড়ে কি লকডাউনের সম্ভাবনা রয়েছে? অনেকের মনেই উঁকি দিচ্ছে সেই প্রশ্ন। তবে সংক্রমণের বাড়বাড়ন্ত রুখতে লকডাউনই একমাত্র ভরসা বলে মনে করছেন মার্কিন মহামারী বিশেষজ্ঞ অ্যান্টনি ফসি। তিনি মনে করেন, করোনার গ্রাস থেকে বেরিয়ে আসতে কয়েক সপ্তাহ লকডাউন জরুরি। পাশাপাশি ভারত অনেক আগেই কোভিডকে জয় করে ফেলেছে এই মন্তব্যকেও কটাক্ষ করেছেন তিনি। ফসি বলেন, বিপদ থেকে মুক্তি পেতে এখনও ভারতকে অপেক্ষা করতে হবে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন তিনি।
ফসি আরও জানিয়েছেন, কেবল লকডাউন নয়, অক্সিজেন, ওষুধ কিংবা পিপিই-র কোনও ঘাটতি যাতে না থাকে তাও নিশ্চিত করতে হবে। গত বছরের লকডাউনের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি দেশ। অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফের লকডাউন হলে অর্থনীতিকে কি ফের বিপদের মুখে ঠেলে দেওয়া হল না? এ প্রসঙ্গে অ্যান্টনি পরিষ্কার জানাচ্ছেন, লকডাউন কেউই পছন্দ করে না। ৬ মাসের জন্য লকডাউন হলে তখন সমস্যা তো হবেই। কিন্তু সাময়িক ভাবে অন্তত কয়েক সপ্তাহের লকডাউনে সংক্রমণ অনেকটাই কমবে।
এ প্রসঙ্গে চিনের কথাও শোনা গেছে তাঁর মুখে। তিনি মনে করিয়ে দেন, গত বছরের একদম শুরুতে যখন চিনে ভয়াবহ সংক্রমণ শুরু হয়ে গিয়েছিল, তখন তারা সম্পূর্ণ লকডাউনের পথে হেঁটেই পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল।




