খবর লাইভ : করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত গোটা দেশ। দৈনিক সংক্রমণ পৌঁছে গেল চার লাখের কাছাকাছি। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন। এই মারণ ভাইরাস একদিনে প্রাণ কেড়েছে ৩,৪৯৮ জনের।
নোভেল করোনা ভাইরাস দিনে দিনে হয়ে উঠছে আরও প্রাণঘাতী। বেশিরভাগ রাজ্যে অক্সিজেনের অভাব। হাসপাতালে মিলছে না বেড। তারমধ্যে ভ্যাকসিন নিয়ে কেন্দ্র-রাজ্য তরজা। এসবের মধ্যে ভেলকি দেখিয়ে যাচ্ছে ভাইরাস। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘন্টায় দেশে ৩ লাখ ৮৬ হাজার ৪৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর বেশিরভাগই মহারাষ্ট্র। এরইমধ্যে ওই রাজ্যে বিশেষজ্ঞরা জুলাই -অগাস্ট মাসে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার ইঙ্গিত দিয়েছেন। দেশে মোট করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ১ কোটি ৮৭ লক্ষ ৬২ হাজার ৯৭৬। গত ২৪ ঘন্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৩,৪৯৮ জনের। এই নিয়ে দেশে মোট প্রাণ হারালেন ২ লাখ ৮ হাজার ৩৩০ জন। মৃতের পরিসংখ্যানে এগিয়ে সেই মহারাষ্ট্রই। সেখানে দৈনিক মৃত্যু ৭০০ র বেশি।
আইসিএমআর এর রিপোর্ট বলছে, গতকাল ১৯ লক্ষ ২০ হাজার ১০৭ টি নমুনা পরীক্ষা হয়েছে। এখন নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে করোনার নয়া স্ট্রেইন।




