খবর লাইভ : কথা ছিল শনিবার দুপুরে ভার্চুয়াল বৈঠকের। কিন্তু দলীয় প্রার্থী ও নির্বাচনী এজেন্টদের সঙ্গে বৈঠকের দিন বদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজই দুপুরে এই বৈঠক করবেন তৃণমূল নেত্রী। বৈঠকে কোন বার্তা দেন নেত্রী সেদিকেই নজর ঘাসফুল শিবিরের।
কী বলতে পারেন এদিনের বৈঠকে মমতা? দলের একাংশ মনে করছেন, অতীত অভিজ্ঞতা থেকে কিছু জরুরি কথা উঠে আসতে পারে বৈঠকে। তারমধ্যে উল্লেখযোগ্য হল, ফলের প্রাথমিক প্রবনতা দেখে এজেন্টরা যেন প্রভাবিত না হন। কখনও গণনায় পিছিয়ে পড়লে, কেন্দ্র ছেড়ে যাওয়া যাবে না। শুরুতেই গণনা করা হয় পোস্টাল ব্যালটের। তাতে সাধারণত শাসকদল পিছিয়ে থাকে। তা দেখে যেন এজেন্টরা হতাশ না হন, সেই বার্তাও দিতে পারেন নেত্রী।
করোনা আবহে গণনাকেন্দ্রের জন্যও বেশ কিছু নির্দেশিকা দিয়েছে কমিশন। সেই বিষয়েও বলতে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহল। সর্বোপরি বৃহস্পতিবার বুথ ফেরত সমীক্ষা প্রকাশ করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। সেই সমীক্ষাকে বাড়তি গুরুত্ব না দেওয়ার বার্তাও দিতে পারেন বলে মনে করা হচ্ছে।



