খবর লাইভ : একমাসের বেশি সময় পেরিয়েছে এখনও বেপাত্তা সন্দেশখালির দাপুটে নেতা শাহজাহান শেখ । দুবার ইডি তলব করলেও সাড়া দেননি তিনি। এবার ফের শাহজাহানকে নোটিস দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আগামী সপ্তাহে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তিনি আদৌ যাবেন কি? সেটাই প্রশ্ন।
রেশন বন্টন দুর্নীতিতে দীর্ঘদিন ধরে নজরে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। ৫ জানুয়ারি পর গত ২৪ তারিখ উত্তর ২৪ পরগনায় সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। সেদিনই বাড়ির দরজায় নোটিস দিয়ে তাঁকে গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন তিনি যাননি। কোনও পরিচিতর মাধ্যমে ইডির সঙ্গে যোগাযোগও করেননি শাহজাহান। সম্প্রতি তাঁকে মেল পাঠায় ইডি। গত বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও দ্বিতীয়বারও হাজিরা দেননি শাহজাহান।
ইডি সূত্রে খবর, আগামী সোমবার শাহজাহানকে সল্টলেকে ইডির দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এর আগে দ্বিতীয় তলবের দিন শাহজাহানের চিঠি নিয়ে তাঁর আইনজীবী ইডি দফতরে গিয়েছিলেন। তবে সেই চিঠি ফিরিয়ে দেওয়া হয়। সূত্রের খবর, শাহজাহান কেন্দ্রীয় সংস্থার কাছ থেকে কিছুটা সময় চেয়েছিলেন। তাঁর আইনজীবীর দাবি, চিঠি পড়েও জমা নেয়নি ইডির দফতর।
আরও পড়ুনঃ দলের খেলায় খুশি নন কুয়াদ্রাত, ম্যাচ শেষ কী বললেন লাল-হলুদ কোচ ?
সন্দেশখালিতে শাহজাহানের ‘ডান হাত’ বলে পরিচিত উত্তম সর্দারকে শনিবার দল থেকে সাসপেন্ড করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধেও সরব হয়েছিলেন গ্রামবাসীরা। রেড রোডের ধর্নামঞ্চ থেকে পার্থ ভৌমিক জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উত্তমকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। ছ’বছরের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে।এরপরই গ্রেফতার হন উত্তম।




