খবর লাইভ : করোনা আক্রান্ত মনমোহন সিং। আজ তাঁর কোভিড রিপোর্ট পজিটিভ আসে। এরপরই বিকেল ৫টা নাগাদ দিল্লির এইমসে ভর্তি করা হয় তাঁকে। ট্রমা সেন্টারে রয়েছেন তিনি। বছর ৮৮-র বর্ষিয়ান এই রাজনীতিবিদকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর কোভিড রিপোর্ট পজিটিভ আসতেই, ট্যুইটারে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
৪ মার্চ দিল্লির এইমসে সস্ত্রীক ভ্যাকসিনের প্রথম ডোজ নেন মনমোহন। তার একমাসের মধ্যেই দ্বিতীয় ডোজ নেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ২২ মার্চ দুই ডোজের মধ্যে ব্যবধান ৪ সপ্তাহ থেকে বাড়িয়ে ৮ সপ্তাহ করে দেয় সরকার। এরপর কংগ্রেসের এই বর্ষিয়ান নেতা এবং তাঁর স্ত্রী প্রতিষেধকের দ্বিতীয় ডোজ নিয়েছেন নেন কীনা, তা জানা যায়নি।
মনমোহনের করোনা আক্রান্ত হওয়ায় খবর পেয়ে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘এই মাত্র খবর পেলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহজি কোভিড পজিটিভ। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি’। শুধু মমতাই নয়। আরোগ্য কামনা করেছেন মনমোহন সিংয়ের দলের সাংসদ রাহুল গান্ধিও। ট্যুইটারে তিনি লেখেন, ‘প্রিয় মনমোহনজি, আপনার দ্রুত আরোগ্য কামনা করছি। এই কঠিন সময়ে আপনার পথপ্রদর্শন এবং পরামর্শ প্রয়োজন দেশের’। ট্যুইট করেছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রাও। তিনি লেখেন, ‘মনমোহন সিংহজি এবং তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি। তাঁকে অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি। সর্বশক্তি দিয়ে লড়াই করে জিতুন উনি’।




