খবর লাইভ : নির্বাচনে ভিভিপ্যাট স্লিপ ও ইভিএমে ভোটের সংখ্যা একশো শতাংশ মিল থাকতে হবে। এমন দাবিতে মামলা দায়ের করা হয়েছিল সুপ্রিম কোর্টে। কিন্তু ভোট প্রক্রিয়ার মাঝখানে তারা হস্তক্ষেপ করবে না জানিয়ে সেই মামলা সোমবার খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে, বিচারপতি এ এস বোপান্ন ও বিচারপতি ভি রামাসুহ্মনিয়ামের একটি বেঞ্চ এমনটাই জানিয়েছে। পশ্চিমবঙ্গে সহ পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে এবং ভোট গণনার পর ২ মে ফল ঘোষণা হবে। পিটিশনার আইনজীবী গোপাল শেঠকে বেঞ্চ জিজ্ঞাসা করে যে, নির্বাচন কমিশনকে এই বিষয়ে তাঁরা কিছু জানিয়েছেন কিনা। শেঠ জানান, নির্বাচন কমিশন তাঁদের এই ভাবনার প্রশংসা করেছে। পাশাপাশি তিনি বলেন, অধাধ ও নিরপেক্ষ নির্বাচন মানুষের অধিকার। শেঠ আগে এই বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
২০১৯ সালের এপ্রিল মাসে লোকসভা নির্বাচনে ভিভিপ্যাট স্লিপ ও ইভিম যাতে অভিন্ন হয় সেই ব্যাপারে নির্বাচনকে কমিশনকে নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই সঙ্গে বলা হয়েছিল, এটা হলে শুধু রাজনৈতিক দলগুলিকেই খুশি করবে না, বরং গোটা নির্বাচন প্রক্রিয়াকেই সুষ্ঠু করবে। এর আগে ইসি ভিভিপ্যাট স্লিপের র্যান্ডম গণনা ব্যবস্থা অনুসরণ করেছিল। ২০১৯ সালেই শীর্ষ আদালত জানিয়েছিল যে, তারা নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা বা ঐক্য নিয়ে সন্দিহান নয় এবং আদালত নিশ্চিত যে, যথাযথ নির্বাচনী ফলফলকে সুনিশ্চিত করবে এই ব্যবস্থা।




