খবর লাইভ : করোনা নিয়ে উদ্বিগ্ন রাজ্য। সোমবার আলিপুরের উত্তীর্ণে জরুরি বৈঠক করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৈঠক শেষে ফিরহাদ জানান, করোনা মোকাবিলা করতে আগামিকাল থেকে সব ওয়ার্ড স্যানিটাইজ করা হবে। পাশাপাশি, চার-পাঁচটি সেফ হোম তৈরি হতে পারে। উত্তীর্ণতে ৫০০ বেডের ‘সেফ হোম’ তৈরির ভাবনা চিন্তা করছে সরকার। পাশাপাশি, কিশোর ভারতীতেও ৫০০ ওয়ার্ডের ‘সেফ হোম’ হতে পারে। রাজ্যে আরও বেশ কিছু কোয়ারেন্টাইন সেন্টার ও ‘সেফ হোম’ তৈরি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুরমন্ত্রী বলেন, ‘আমরা করোনার বিরুদ্ধে যুদ্ধে নেমে পড়লাম। করোনা প্রতিরোধ করাই এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কিশোর ভারতী স্টেডিয়ামে ৫০০, উত্তীর্ণতে ৫০০, গীতাঞ্জলিতে ২০০, আনন্দপুরে ৭০০ বেড নিয়ে ‘সেফ হোম’ তৈরি হবে। ১০টি অ্যাম্বুল্যান্স দাঁড়িয়ে থাকবে ‘সেফ হোম’-এর বাইরে।’




