খবর লাইভ : সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম প্রার্থীকে হুমকি। অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ”সিপিএমে ভোট দিলে হাত কেটে দেবো।” এমন অভিযোগে কার্যত উত্তপ্ত নানুর। আতঙ্কিত সাধারণ মানুষ। প্রার্থীই যদি এভাবে হুমকির মুখে পড়েন, তাহলে সাধারণ মানুষের কী হবে? প্রশ্ন ভোটারদের।
বুধবার প্রচারে যান শ্যামলী। সেই সময়ে, স্থানীয় তৃণমূল নেতা নুরবান শেখ তাঁর প্রচারে বাধা দেন বলে অভিযোগ। শুধু প্রচারে বাধা নয়, হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। নির্বাচন কমিশনের আধিকারিকদের সামনেই হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বিদায়ী বিধায়ক শ্যামলী প্রধানের অভিযোগ, ”ভোটের সময় ভোট চাইতে চলে এসেছেন। আপনি ৫ বছরের বিধায়ক। কোথায় ছিলেন এই ৫ বছর? যে রাস্তা দিয়ে আপনি গ্রামে ঢুকলেন প্রচার করতে এটি তৃণমূলের সরকারের করা। আপনি ৫ বছর কী করেছেন?” এরপরই তাঁর সংযোজন, ”ভোটের সময় উস্কানি দিতে চলে এসেছেন। এখানে সিপিএমকে কেউ একটাও ভোট দেবে না, যে ভোট দেবে তার হাত কেটে দেবো।”
সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ভাইরাল সেই ভিডিয়ো। যা ঘিরে বিতর্কের ঝড়। তৃণমূল নেতার আচরণের তীব্র নিন্দা করেছে সব কটি রাজনৈতিক দল।উল্লেখ্য, ২০১৬-র বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী গদাধর হাজরাকে পরাজিত করে নানুরে বিধায়ক নির্বাচিত হন শ্যামলী প্রধান।




