খবর লাইভ : করোনার থাবায় প্রাণ হারালেন জঙ্গিপুরের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। মাস্ক ছাড়া লাগামহীন ভোট প্রচারকে কাঠগড়ায় তুলেছেন অনেকেই।
দলীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন আরএসপির ওই প্রার্থী। কয়েকদিন আগে করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যদিও শেষরক্ষা হয়নি। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রশান্ত বিশ্বাস বলেন, ‘মাল্টি অর্গান ফেইলিওরের কারণে তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকরা অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি। এই নিয়ে জঙ্গীপুর মহকুমায় দুজন প্রার্থীর মৃত্যু হল।
ষাটের দশকে বামপন্থী ছাত্র আন্দোলনে যোগদান করেন প্রদীপ নন্দী। জরুরি অবস্থায় গ্রেফতার হয়ে কারাবরণও করেন। আইনজীবী হিসেবে জঙ্গিপুর আদালতে গরিব মানুষকে বিনা পয়সায় আইনি সহায়তা দিতেন। এমন জনপ্রিয় ব্যক্তিত্বের প্রয়াণে গভীর শোক নেমেছে এলাকায়।


