District

‘আমিই জিতব নন্দীগ্রামে’, বয়ালে উত্তেজনার পর দাবি মমতার, সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপালকে ফোন

0
(0)

খবর লাইভ : নন্দীগ্রামে ভোটের দিন কয়েকটি বুথ পরিদর্শনের পর আত্মবিশ্বাসের সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। বয়ালে উত্তেজনার পর দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে দৃপ্ত কণ্ঠে তিনি বললেন, ‘আমিই জিতব নন্দীগ্রামে। ৯০ শতাংশ ভোট তৃণমূল পাবে। আমি ভিকট্রি সাইন দেখাচ্ছি।’ একইসঙ্গে বয়ালে উত্তেজনা প্রসঙ্গে অমিত শাহকে নিশানা করে মমতা বলেন, ‘আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি চিন্তিত গণতন্ত্র নিয়ে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে এসব করা হচ্ছে। বিজেপির বহিরাগত কয়েকটা লোক এসব করছে। আমরা আদালতে যাব। আইনি ব্যবস্থা নেব।’ মমতা এদিন নাম না করে শুভেন্দু অধিকারী এবং নির্বাচন কমিশনকেও তোপ দাগেন। বলেন, ‘কয়েকটি জায়গা থেকে অভিযোগ আসছিল। ৬৩টি অভিযোগ এসেছে। নির্বাচন কমিশনকে জানিয়েছি। কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি। এখানকার যিনি বিজেপি প্রার্থী, তিনি চূড়ান্ত অসভ্যতা করেছেন, রাতে গুন্ডামি করেছেন। নির্বাচন কমিশন চুপ করে বসে আছে। নির্বাচন কমিশনকে বলব, দয়া করে নিরপেক্ষ হন।’
উল্লেখ্য, এদিন নন্দীগ্রামে ভোট ঘিরে সকাল থেকেই তুমুল উত্তেজনা ছড়ায়। দুপুরের দিকে মমতা বন্দ্যোপাধ্যায় বুথ পরিদর্শন করতে বেরোলে তাঁকে ঘিরে ফের ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয়। বিশেষত বয়াল এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তিনি একটি বুথ পরিদর্শনে গেলে ‘মমতা বন্দ্যোপাধ্যায় বাইরে থেকে কেন লোক নিয়ে এসেছেন’ অভিযোগে সরব হন স্থানীয় এক বাসিন্দা। তারপর মমতাকে ঘিরে স্লোগান দেন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপর ওই বুথে বসেই নির্বাচন কমিশনে অভিযোগ জানান মমতা। সুষ্ঠু ভোটের দাবি জানিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও ফোন করেন তিনি। তারপর বয়ালে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে দলীয় কার্যালয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *