কলকাতা, ১২ এপ্রিল : দিলীপ ঘোষের কু-মন্তব্যের রেশ এখনও কাটেনি। এরমধ্যে ফের শীতলকুচি নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। হাবড়ার বিজেপি প্রার্থী বলেন, ”চার নয়, আটজনকে গুলি করে মারা উচিত ছিল।”
শীতলকুচি কাণ্ড নিয়ে ক্রমশই চড়ছে রাজনৈতিক তরজা। গোটা ঘটনায় চড়েছে রাজনীতির পারদ। আর এর মধ্যে সেই ঘটনা নিয়ে রাহুল সিনহার মন্তব্যে ফের তোলপাড় হল রাজনৈতিক মহল। শীতলকুচির গুলিকাণ্ডকে রীতিমতো জোর গলাতে সমর্থন করেছেন তিনি। কী বলেন রাহুল? তাঁর বলেন, ”ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা একটা ছেলেকে যারা গুলি করেছে, তাদের নেত্রী আসলে মমতা বন্দ্যোপাধ্যায়। ওঁর দিন শেষ হয়ে গিয়েছে। মস্তানরাজ কায়েম করে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করে চলেছেন। শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনী ঠিক কাজ করেছে। তাদের উপর বোমা ছোঁড়া হচ্ছে। আবারও গোলমাল করলে এই জবাবই দেবে। আটজনকে গুলি করে মারা উচিত ছিল। কেন চারজনকে মারল? এর জন্য বাহিনীকেই শোকজ করা উচিত।”
রাহুল সিনহার এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করে তূণমূল কংগ্রেস। মন্তব্যের বিরোধিতা করেছে সুজন চক্রবর্তীও।




