খবর লাইভ : কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এবার স্পুটনিক ফাইভ। রাশিয়ার তৈরি করোনার এই টিকাকে ছাড়পত্র দিল কেন্দ্র। ৯১.৬ শতাংশ কার্যকর এই টিকাকে ৫৯টি দেশে ব্যবহার করা হচ্ছে। এবার ভারতও স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিল।
রকেট গতিতে দেশে বাড়ছে করোনা। টিকার আকাল বলে অভিযোগ জানাচ্ছে একাধিক রাজ্য। এই অবস্থায় রাশিয়ার স্পুটনিক ভি-কে ছাড়পত্র দিল কেন্দ্র। কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের এই সুপারিশের পর টিকাকরণের ছাড়পত্র দেবেন দেশের ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)। এর আগে সেরামের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিনকে কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের অনুমোদনের ভিত্তিতেই ছাড়পত্র দিয়েছিল ডিসিজিআই। দেশে স্পুটনিক ভি তৈরি করেছে ডঃ রেড্ডিজ ল্যাব। দেশ জুড়ে ট্রায়াল হয়েছে স্পুটনিকের। কেন্দ্রীয় বিশেষজ্ঞ দল ১ এপ্রিল ডঃ রেড্ডি ল্যাবের কাছে স্পুটনিক সম্পর্কিত বিভিন্ন তথ্য জানতে চায়। সেই রিপোর্টের ভিত্তিতেই অনুমোদন পেল রাশিয়ার করোনা প্রতিষেধক।
বিশ্বে প্রথম অনুমোদিত টিকা এই স্পুটনিক ভি। যদিও ট্রায়ালের সম্পূর্ণ তথ্য না থাকায় পরবর্তীকালে এই টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ভারতে ১৮ থেকে ৯৯ বছর বয়সী ১ হাজার ৬০০ জনের ওপর ট্রায়াল চালিয়েছে ডঃ রেড্ডিজ ল্যাব। তবে ছাড়পত্র দিলেও ভারতে কবে থেকে এর ব্যবহার শুরু হবে এবং কবে এ দেশের বাজারে স্পুটনিক ভি পাওয়া যাবে, তা জানানো হয়নি।




