খবর লাইভ : তৃণমূলের সমর্থনে প্রচারে বাংলায় এবার জয়া বচ্চন। ৮ এপ্রিল পর্যন্ত কলকাতায় থাকবেন। এরপর মুম্বই ফিরে যাবেন অমিতাভ জায়া। তৃণমূল সূত্রে খবর, ৫ থেকে ৮ তারিখ পর্যন্ত কলকাতায় থাকবেন এবং দলের সমর্থনে প্রচার করবেন।
কী রকম হতে চলেছে তাঁর কর্মসূচি? তৃণমূল সূত্রে খবর, সোমবার তিনি প্রচার করবেন টালিগঞ্জে। সেখানে তৃণমূলের প্রার্থী অরূপ বিশ্বাস। বিকেল ৫টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত প্রচার চালাবেন জয়া। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক মঞ্চে থাকারও সম্ভাবনা রয়েছে। ৬ এবং ৭ তারিখ মোট ৪টি বিধানসভা কেন্দ্রে প্রচার করবেন সমাজবাদী পার্টির নেত্রী জয়া বচ্চন। জন্মসূত্রে জয়া নিজেও বাঙালি। ফলে তাঁকে প্রচারে এনে তৃণমূল বাঙালি আবেগকে শান দিতে চাইছে বলে মনে করছে রাজনৈতিক মহল।




