খবর লাইভ : রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে কপালে ভাঁজ প্রশাসনের। এই পরিস্থিতিতে এবার
ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল বেলেঘাটা আইডি হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার অনির্বাণ হাজরার (৪২)।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে ডেঙ্গি আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডিতে ভর্তি ছিলেন তিনি।শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে বিজেপি মোর্চার পুরসভা অভিযান মাঝ রাস্তাতেই আটকে দেয় পুলিশ। এ বিষয়ে গতকালই মেয়র ফিরহাদ হাকিম জানান, সিপিআইএম আন্দোলন করেছে বলেই বিজেপিও করছে। সিপিআইএম-বিজেপি মিলেমিশে চলে।
এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, উনি হচ্ছেন ডেঙ্গি মিনিস্টার। যেদিন থেকে উনি কর্পোরেশনের মেয়র হয়েছেন ডেঙ্গি বেড়েই চলেছে। খালি বিবৃতি দিয়ে দায়িত্ব শেষ করেন। করোনার চেয়ে ভয়াবহ পরিস্থিতি হয়েছে ডেঙ্গির। ৪০ হাজার লোক সংক্রামিত। হাসপাতাল না গেলে বোঝা যায় না এই পরিস্থিতি। যারা বিরোধী, তারা তাদের কাজ করছে।
মূলত, অনির্বাণ হাজরা সাঁকরাইলের বাসিন্দা হলেও তিনি সাঁতরাগাছিতে থাকতেন। ২০২১ এর ফেব্রুয়ারি মাসে বেলেঘাটা আইডিতে চাকরি জীবন শুরু করেন অ্যাসিস্ট্যান্ট সুপার হিসেবে। শোকস্তব্ধ হাসপাতালের সুপার চিকিৎসক আশিস মান্না বলেন, কলকাতা সহ উত্তর ২৪ পরগনায় সংক্রমণ বেড়েই চলেছে। পুরসভা ও প্রশাসনের তরফে একাধিক কর্মসূচি নেওয়া হলেও ডেঙ্গি সংক্রমণে হ্রাস টানা সম্ভাব হচ্ছে না। আজকের এই ঘটনার পর কী পদক্ষেপ নেয় সরকার, সেদিকেই নজর সবার।




