খবর লাইভ : দেরিতে হলেও ঘটল বোধোদয়। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে অস্বীকৃতি জানালেন একাধিক প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁদের প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত সেই বহুল প্রতীক্ষিত ম্যাচটি বাতিল করতে বাধ্য হলেন আয়োজকরা।
রবিবার রাতে ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান লেজেন্ডস দলের মুখোমুখি হওয়ার কথা ছিল শিখর ধাওয়ান, হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পা, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন ও অম্বাতি রায়ডুদের নিয়ে গঠিত ভারতীয় দলের। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক ও সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
বিশেষ করে কাশ্মীরের পহেলগাঁও হামলা ও “অপারেশন সিঁদুর”-এর পর ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা স্পষ্ট বার্তা দেন— সন্ত্রাসবাদ এবং খেলাধুলা একসঙ্গে চলতে পারে না। শিখর ধাওয়ান প্রথমে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে অস্বীকৃতি জানান এবং আয়োজকদের কাছে লিখিতভাবে মত প্রকাশ করেন। এরপর একে একে হরভজন সিং, ইরফান পাঠান, ইউসুফ পাঠানরাও সেই সিদ্ধান্তে সায় দেন।
প্রতিক্রিয়ায় আয়োজকরা ম্যাচটি বাতিল করে একটি বিবৃতিতে বলেন, “আমরা ক্রিকেটপ্রেমীদের স্মরণীয় মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম। কিন্তু লক্ষ লক্ষ মানুষের আবেগকে উপেক্ষা করা উচিত নয়। ভারতীয় কিংবদন্তিদের আবেগ ও অবস্থানকে সম্মান জানিয়ে আমরা ম্যাচটি বাতিল করছি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী চলবে।”
এই ঘটনার পর সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকেই খেলা ও রাজনীতিকে আলাদা রাখার পক্ষেও সওয়াল করছেন।
তবে আয়োজকদের এই সিদ্ধান্তে স্পষ্ট হয়ে গেল, সময়ের দাবি মেনে দায়িত্বশীল অবস্থান গ্রহণ করাই আজকের প্রেক্ষাপটে সবচেয়ে জরুরি।




