খবর লাইভ : একুশে জুলাইয়ের প্রস্তুতিতে যখন তৃণমূল কংগ্রেস জোরকদমে কাজ করছে, ঠিক তখনই ফের বিতর্কের কেন্দ্রে উঠে এলেন মুর্শিদাবাদের ভারতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বৃহস্পতিবার সাংবাদিকদের সামনে দলীয় নেতৃত্বকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, ১৫ অগাস্টের পর খেলা শুরু করব।
হুমায়ুনের বক্তব্যে স্পষ্ট তাঁর ক্ষোভ দলেরই ব্লক সভাপতি ও পঞ্চায়েত প্রধানদের বিরুদ্ধে। তিনি বলেন, আমি কান্দি থেকে খেলতে শুরু করব। ফুটবল ভাল খেলি। যাকে পারব, গোল দিয়ে মাঠ থেকে বার করে দেব। দল যদি ব্যবস্থা নেয়, আমিও জবাব দেব ঢাকঢোল পিটিয়ে।
বিধায়কের অভিযোগ, “ব্লক সভাপতি ও স্থানীয় নেতৃত্ব তোলাবাজিতে জড়িত। সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। একটা ওয়ারিশ সার্টিফিকেটের জন্য ৫০ হাজার টাকা দাবি করা হয়।” প্রশ্ন তোলেন, “এদের সঙ্গে দল করা যাবে?”
এই বক্তব্য ঘিরে নতুন করে অস্বস্তিতে তৃণমূল। কারণ, হুমায়ুন কবীর এর আগেও একাধিকবার প্রকাশ্যে দলের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। তাঁকে শোকজ করে দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির সামনে জবাবদিহিও করতে হয়েছে।
এবারও তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “খেলব, খেলব করতে করতে বাংলার হাল কী হয়েছে, সবাই দেখছে। এখন প্রশ্ন, কার সঙ্গে খেলবেন হুমায়ুন? আর, কার বিরুদ্ধে?”
তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তন্ময় ঘোষ বলেন, হুমায়ুন কবীর তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করেছেন। দলের ভিতরে বললে ভালো হত। দল তাঁকে আগেও শোকজ করেছে, ভবিষ্যতেও প্রয়োজন হলে ব্যবস্থা নেবে।
একুশে জুলাইয়ের আগে দলের অন্দরেই এই ধরণের প্রকাশ্য ‘বিস্ফোরণ’ ঘিরে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্দরে।



