খবর লাইভ : বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে নাম জড়িয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ (বস্তি) স্বপন সমাদ্দার এবং ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের। সম্প্রতি সিবিআইয়ের তরফে আদালতে পেশ করা চার্জশিটে তাঁদের নাম উল্লেখ করা হয়েছে। সিবিআই ওই তিন তৃণমূল নেতা-নেত্রীকে ১৮ জুলাইয়ের মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। তার আগে কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন তাঁরা। ১৬ জুলাই বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে আগাম জামিনের আবেদনের শুনানি হতে পারে বলে আদালত সূত্রে খবর।
কলকাতার বেলেঘাটার বাসিন্দা অভিজিৎ বিজেপির সক্রিয় কর্মী ছিলেন। ২০২১ সালের ২ মে ভোটের ফল প্রকাশের পরে কলকাতার বেশ কয়েকটি এলাকায় হিংসার ঘটনা ঘটে। সেই সময় ফেসবুক লাইভে এসে অভিজিৎ অভিযোগ করেন, তাঁর বাড়িতে হামলা চালানো হয়েছে। এর কয়েক ঘণ্টা পর তাঁর দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় অভিযুক্ত তৃণমূলের পরেশ, স্বপন এবং পাপিয়া।
আদালতের নির্দেশে তদন্তের দায়িত্ব যায় সিবিআইয়ের হাতে। সম্প্রতি কেন্দ্রীয় তদন্ত সংস্থা চার্জশিট জমা করেছে। তাতে ওই তিন জনের নাম রয়েছে।তাঁদের অবশ্য দাবি, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই নাম জড়ানো হয়েছে।




