National Special News Special Reports

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি দ্রুত চূড়ান্ত হবে, জানালেন বাণিজ্য মন্ত্রকের শীর্ষ কর্তা

0
(0)

খবর লাইভ : ভারত এবং আমেরিকার মধ্যে বহু প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে তৎপরতা চালাচ্ছে নয়াদিল্লি। বৃহস্পতিবার এমনটাই জানিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রকের বিশেষ সচিব ও ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় ভারতীয় প্রতিনিধিদলের প্রধান রাজেশ আগরওয়াল।

আগরওয়াল জানান, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রথম ধাপের বাণিজ্যচুক্তি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে ভারতের। তার আগেই একটি অন্তর্বর্তী সমঝোতা গঠনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক প্রসঙ্গে আগরওয়াল বলেন, “আমরা ইতিমধ্যেই ২৬টি দেশের সঙ্গে ১৪টিরও বেশি মুক্ত বাণিজ্যচুক্তি (FTA) সম্পন্ন করেছি। সম্প্রতি ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও আলোচনা অগ্রসর পর্যায়ে রয়েছে।”

আমেরিকার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার ব্যাপারে আশাবাদী ভারত। তবে এক্ষেত্রে আলোচনার বর্তমান অবস্থা স্পষ্টভাবে জানানো হয়নি। আগরওয়াল জানান, শুধু যুক্তরাষ্ট্র নয়, দক্ষিণ আমেরিকার দেশ চিলি ও পেরু-সহ একাধিক দেশের সঙ্গেও চুক্তির ব্যাপারে আলোচনা চলছে। অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে ইতিমধ্যেই বাণিজ্যচুক্তি সম্পন্ন হয়েছে, এবং নিউজিল্যান্ডের সঙ্গেও কথা এগোচ্ছে।

তবে ভারত-আমেরিকা আলোচনার অগ্রগতির বিষয়ে ওয়াশিংটন কিংবা নয়াদিল্লি— কোন পক্ষ থেকেই খোলাখুলি বিবৃতি দেওয়া হয়নি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, “আমরা ভারতের সঙ্গে চুক্তি চূড়ান্ত করার প্রায় শেষ ধাপে রয়েছি। ইতিমধ্যেই ব্রিটেন ও চিনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে।”

এদিকে, ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দেশকে শুল্ক সম্পর্কিত চিঠি পাঠানো শুরু হয়েছে, যার আওতায় এসেছে ভারতের প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মায়ানমারও। ফলে ভারত-আমেরিকা চুক্তি নিয়ে দেশবাসীর মধ্যে কৌতূহল বাড়ছে।

বিশ্ব অর্থনীতির সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হতে ভারতের এই কৌশলগত প্রচেষ্টা আগামী দিনে দেশের বাণিজ্যনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *