খবর লাইভ : পুনে পোর্শেকাণ্ডের স্মৃতি ফিকে হতে না হতেই ফের একইরকম দুর্ঘটনা। সোমবার চেন্নাইয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনার নেপথ্যে সাংসদ-কন্যা। চেন্নাইয়ের বেসান্ত নগরের ফুটপাতে শুয়ে থাকা এক যুবককে পিষে দিল ওয়াইএসআর কংগ্রেস দলের রাজ্যসভার সাংসদ বিড়া মস্তান রাওয়ায়ের মেয়ে মাধুরী চৌধুরীর বিএমডব্লুউ গাড়ি। জানা গিয়েছে গাড়ি চালাচ্ছিলেন সাংসদ-কন্যাই। সোমবার রাতে ঘটে দুর্ঘটনা। প্রথমে চেন্নাই পুলিশের তরফে সাংসদের মেয়ে মাধুরীকে গ্রেফতার করা হলেও মঙ্গলবার রাতে জামিনে ছাড়া পেয়ে যান তিনি। এরপরেই কড়া সমালোচনার মুখে ওয়ািএসআর কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ও স্থানীয় পুলিশ প্রশাসন।
সোমবার মধ্যরাতে মাধুরীর হাতে ছিল গাড়ির স্টিয়ারিং, অভিযোগ এমনই। পেশায় পেন্টার ওই যুবকের ওপর দিয়ে চলে যায় মাধুরীর গাড়ি। গাড়িতে তখন মাধুরী ছাড়াও ছিলেন তাঁর এক বান্ধবী। চেন্নাইয়ের বসন্ত নগরের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে বছর ২৪ এর ওই যুবক রাস্তার ধারে এক পেভমেন্টে মদ্যপ অবস্থায় অপ্রকৃতিস্থ হয়ে শুয়ে ছিলেন। পুলিশ অফিসাররা বলছেন, ঘটনার পরই মাধুরী এলাকা থেকে পালিয়ে যান। এদিকে, দুর্ঘটনার পর মাধুরীর বান্ধবী গাড়ি থেকে নেমে আসেন। ততক্ষণে এলাকায় লোকজন জড়ো হয়েছেন। তাঁদের সঙ্গে বচসা করতে থাকেন মাধুরীর বান্ধবী। খানিকক্ষণ বাদে সেই বান্ধবীও এলাকা থেকে পালিয়ে যান। পথের ধারে শুয়ে থাকা আহত ওই ব্যক্তির নাম সূর্য। সূর্যকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন আশপাশের সকলে। হাসপাতালে আহত অবস্থায় নিয়ে গেলেও আঘাতের যন্ত্রণার সঙ্গে লড়তে থাকেন সূর্য। শেষে তিনি হাসপাতালে মারা যান।




