সমরেন্দু গ্রেফতার হওয়ায় হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের অনেক তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে তাঁকে গ্রেফতার করা হল।হাঁসখালি থানাতেও ‘অ্যারেস্ট মেমো’ জমা করা হয়েছে। সমরেন্দুকে গ্রেফতারের পর তাঁকে আদালতে তোলার প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তদন্তকারীরা।
এর আগে মঙ্গলবার সমরেন্দুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা। তলব করা হয় ব্রজগোপালের মাকেও। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না সমরেন্দুর। অবশেষে তাঁর খোঁজ পান তদন্তকারীরা। জানা গিয়েছে, ঘটনার পর থেকে নদিয়ার বগুলায় গা ঢাকা দিয়েছিলেন তিনি। খবর পেয়ে সিবিআই আধিকারিকরা তাঁকে তলব করেন। মঙ্গলবার সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে সমরেন্দুকে ব্রজগোপালের সঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। শোনা গিয়েছিল, জিজ্ঞাসাবাদের পর সমরেন্দুকে গ্রেফতার করা হয়েছে। যদিও পরে জানা যায়, সমরেন্দুকে গ্রেফতার হয়নি। শেষমেশ শুক্রবার সমরকে গ্রেফতার করল সিবিআই।




