খবর লাইভ: রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। রাজ্যপাল সংবিধান বহির্ভূত কাজ করছেন, এই মর্মে মামলাটি দায়ের করেছেন এক আইনজীবী। তাঁর অভিযোগ, এক্তিয়ারের বাইরে গিয়ে সরকারি কাজে হস্তক্ষেপ করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল।
এই মামলায় পার্টি করা হয়েছে দেশের রাষ্ট্রপতিকেও। যদিও এই মামলার বাস্তবতা নিয়ে সন্দিহান আইনজীবীদের একাংশ। অনেকেরই মত, এই মামলাটি খারিজ হয়ে যাবে। কারণ, সংবিধান অনুযায়ী রাজ্যপাল এবং রাষ্ট্রপতির বিরুদ্ধে এভাবে জনস্বার্থ মামলা করা যায় না।
এদিকে, রাজ্য বিধানসভায় রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে প্রস্তাব আনতে চলেছে শাসকদল। পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, “আমরা বিধানসভার বাজেট অধিবেশনে রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনব। নির্বাচিত সরকারের বিরুদ্ধে পুলিশকে উস্কানি দিচ্ছেন রাজ্যপাল।”




