খবর লাইভ : সিকিমে এ বার বিজেপি বিরোধী জোটের তৎপরতা শুরু করল কংগ্রেস। সেই লক্ষ্যে মঙ্গলবার গ্যাংটকে হামরো সিকিম পার্টির প্রধান তথা জাতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়ার সঙ্গে বৈঠক করেছেন রাহুল গান্ধীর ‘দূত’, এআইসিসির সম্পাদক রণজিৎ মুখোপাধ্যায়। সিকিম প্রদেশ কংগ্রেস সভাপতি গোপাল ছেত্রী-সহ দু’দলের আরও কয়েক জন নেতা হাজির ছিলেন ওই বৈঠকে।
২০২৪ সালে লোকসভা নির্বাচনের সঙ্গেই সিকিমে বিধানসভা ভোট হওয়ার কথা। বর্তমানে সে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রেম সিংহ তামাং ওরফে পিএস গোলের দল সিকিম ক্রান্তিকারী মোর্চা বিজেপির নেতৃত্বাধীন নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (নেডা)-র সদস্য। আগামী নির্বাচনে ভাইচুংয়ের দলের সঙ্গে জোটের সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলেননি রণজিৎ।
আরও পড়ুনঃ রাজু ঝা খুনে আব্দুল লতিফকে নোটিশ! ভিন রাজ্যের মাফিয়াদের তলব সিটের
তাঁর মন্তব্য, ‘‘বিজেপির মদতে সিকিমে অবাধে দুর্নীতি চালাচ্ছেন মুখ্যমন্ত্রী গোলে। এমনকি, এই সরকারের আমলে সিকিমের ঐতিহ্যবিরোধী রাজনৈতিক সন্ত্রাসের ঘটনাও পর পর ঘটে চলেছে। কংগ্রেস এবং হামরো সিকিম পার্টি, দু’দলের নেতারাই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন।’’
প্রসঙ্গত, তৃণমূলের টিকিটে ২০১৪ সালের লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে লড়ে হেরেছিলেন ভাইচুং। এর পর ২০১৬ সালের বিধানসভা ভোটে শিলিগুড়ি আসনেও জোড়াফুল চিহ্নে ভোটে দাঁড়িয়ে পরাস্ত হন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। ওই বছরের এপ্রিলে নতুন দল হামরো সিকিম পার্টি গড়ার কথা ঘোষণা করেন। ২০১৯ সালের বিধানসভা ভোটে সিকিমের ২৩ আসনে লড়ে একটিতেও জিতে পারেনি ভাইচুংয়ের দল।একই ভাবে ২০১৯ সালের ওই নির্বাচনে বিজেপি এবং কংগ্রেসও সিকিমে খাতা খুলতে ব্যর্থ হয়েছিল।




