খবর লাইভ :শক্তিগড়ে রাজু ঝা খুনের পর থেকেই আব্দুল লতিফের নাম বার বার উঠে এসেছে। গরু পাচার মামলায় সিবিআইয়ের খাতায় পলাতক লতিফ। কিন্তু তিনি এখন কোথায়, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা। কোনও কোনও সূত্রে খবর, লতিফ এখন কলকাতায়। আবার কোনও সূত্রের দাবি, বীরভূমেই কোথাও লুকিয়ে আছেন ব্যবসায়ী। এই সবের মধ্যে লতিফের নামে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে।
জানা গিয়েছে , লতিফের নামে মুরগির বড় একটি পোল্ট্রি ফার্ম ও গাড়ির একটি শোরুমের খোঁজ পাওয়া গেছে। তার কাগজপত্রও বাজেয়াপ্ত করা শুরু করেছে কেন্দ্রীয় সংস্থা।
এ ছাড়াও সরকারি তথ্য থেকে জানা গিয়েছে, ইলামবাজার থানার পায়ের মৌজা, শান্তিনিকেতন থানার বিনুরিয়া ও সুরুল মৌজায় লতিফের নামে প্রচুর জমি রয়েছে। সেই জমির পরিমাণ প্রায় ২৮০ কাঠা। সরকারি তথ্যই বলছে, লতিফের নামে এই সব জমি রেকর্ড রয়েছে ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে। এর আগে সিবিআই বোলপুর শহরের কাছে লতিফের ৪০টিরও বেশি সম্পত্তির হদিশ পায়।
বিরোধীদের দাবি, গরু পাচার মামলায় ধৃত এনামুল এবং অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই এক সময় সুখবাজার পশুহাট সংলগ্ন এলাকায় টেলিফোন বুথে কাজ করা লতিফের রকেট গতিতে উত্থান হয়েছে।




