খবর লাইভ : চলে গেলেন সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্য। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীত জগতে। ঘনিষ্ঠ মহল সূত্রের খবর, বেশ কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন প্রথিতযশা শিল্পী। তবে বাড়ি ফিরে এসেছিলেন সম্প্রতি। বৃহস্পতিবার রাতে আচমকাই ফের বুকে ব্যথা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
বৃহস্পতিবার গভীর রাতে শিল্পীর পুত্র ঋতর্ষি ভট্টাচার্য সোশ্য়াল মিডিয়ায় বলেন, ‘অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা পিলু ভট্টাচার্য আজ আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনা করুন’। এরপরেই সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে আসে। তাঁর বন্ধু ও সহশিল্পীরা হতবাক হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধা জানিয়ে পোস্ট উপচে পড়ে।
২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন এই শিল্পী। প্যারোডি ও মজার গানের জন্য তাঁর বেশ পরিচিতি ছিল। বেশ কিছু মৌলিক গানও তৈরি করেছেন তিনি। বাংলা সিনেমাতেও প্লে ব্যাক করেছিলেন পিলু ভট্টাচার্য।




