খবর লাইভ : আগামী মরশুম থেকেই দশটি দল নিয়ে আইপিএল আয়োজিত হবে। বেশ কিছুদিন ধরে এই জল্পনা চলছিল। এবার সেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিয়ে দিলেন বিসিসিআই।
চলতি মরশুমের আইপিএলের বাকি অংশ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। ইতিমধ্যেই বেশ কয়েকটি দল পৌঁছে গিয়েছে আমিরশাহী। বিসিসিআইয়ের তরফে অরুণ ধুমল বলছেন, “গোটা বিশ্ব এখন আইপিএলের দিকে তাকিয়ে। এটা নিঃসন্দেহে একটা চমকপ্রদ টুর্নামেন্ট হতে চলেছে। আর এটাই শেষ আট দলের আইপিএল। এরপর আগামী বছর থেকেই ১০ দলের টুর্নামেন্ট শুরু হয়ে যাবে।”
এদিকে, পুরুষদের পাশাপাশি মহিলাদের আইপিএলের দাবিও জোরাল হচ্ছে। মহিলা ক্রিকেট দলের অন্যতম সেরা তারকা স্মৃতি মন্ধানা বলছেন, অন্তত ৫-৬টি দল নিয়েও যদি আইপিএলের ধাঁচের একটা টুর্নামেন্ট করা যায়, তাহলে ভারতীয় মহিলা ফুটবল দলের খোলনলচে বদলে যেতে পারে।




