খবর লাইভ : সেপ্টেম্বরের মধ্যেই প্রথম দফার শিশুদের জন্য করোনার ভ্যাকসিন চলে আসবে। আইসিএমআর ও পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজির ডিরেক্টর প্রিয়া আব্রাহাম একথা জানিয়েছেন। তিনি বলেছেন, বাচ্চাদের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল কতদূর এগোল, তার প্রতি পর্যায়ের খবর রাখা হচ্ছে। এছাড়া ভারত বায়োটেক নতুন এক রকম ভ্যাকসিন তৈরি করেছে যেটির প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে।
এর ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হলেই আশার আলো দেখা যাবে। বাচ্চাদের জন্য আপাতত দুটি ভ্যাকসিন ছাড়পত্র পাবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য। ভারত বায়োটেকের টিকার ট্রায়ালের পাশাপাশি শিশুদের উপরে জাইডাস ক্যাডিলার জাইকভ ডি-র পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। এরাজ্যেও জাইডাস ক্যাডিলাকে ক্লিনিক্যাল ট্রায়ালের অনুমতি দিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। দুই থেকে ছয় বছর বয়সী শিশুদের ওপর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছে।
তিন ক্যাটাগরিতে ভাগ করে ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে। প্রথম পর্যায়ে 12 থেকে 18 বছর বয়সী, দ্বিতীয় পর্যায়ে 6 থেকে 12 বছর ও তৃতীয় পর্যায়ে 2 থেকে 6 বছর বয়সী শিশুদের ওপর পরীক্ষামূলক প্রয়োগ চলছে। কোভিডের তৃতীয় ঢেউ আছড়ে পড়লে শিশুদের মধ্যেই সংক্রমণ বেশি ছড়াতে পারে বলে আগে থেকেই সতর্ক করা হয়েছে। তাই খুব তাড়াতাড়ি শিশুদের টিকা দেওয়ার কথা ভাবছে কেন্দ্র।




