খবর লাইভ : ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক পুলিশকর্মীকে ৷ ধৃত ব্যক্তি আসানসোলে রাজ্য পুলিশের 7 নম্বর ব্যাটেলিয়নে কনস্টেবল পদে কর্মরত। সোমবার নবদ্বীপ থেকে তাঁকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ। অভিযুক্ত পুলিশকর্মী নদিয়ার রানাঘাট থানা এলাকার হাবিবপুরের বাসিন্দা ৷
অভিযুক্তর পরিবারের দাবি, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ওই পুলিশকর্মীকে৷ ধৃতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক গর্ভবতী তরুণী৷ তিনি আটমাসের অন্তঃসত্ত্বা৷ বছর পঁচিশের ওই তরুণীর বাড়ি গোপালনগরে৷ তিনি নার্সিংয়ের ছাত্রী৷ ফেসবুকে আলাপ ও সম্পর্ক তৈরি হওয়ার পর তরুণীর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল অভিযুক্ত যুবকের ৷ তরুণীর দাবি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন ওই পুলিশকর্মী৷
22 মার্চ ওই যুবকের বিরুদ্ধে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করেন নিগৃহীতা৷ তারপর থেকেই প্রায় তিন মাস পালিয়ে বেড়াতে থাকেন অভিযুক্ত৷ অবশেষে সোমবার রাতে তাঁকে পাকড়াও করে পুলিশ ৷ মঙ্গলবার ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷
অভিযুক্ত যুবকের বাবার দাবি, “আমার ছেলে যেহেতু পুলিশের চাকরি করে, তাই ওকে ফাঁসানো হচ্ছে৷ মেয়েটির গর্ভস্থ সন্তানের ডিএনএ পরীক্ষা করা হোক। যদি আমাদের বংশধর হয়, তাহলে আমরা তাকে মেনে নেব৷”



