খবর লাইভ : PAC-এর চেয়ারম্যান পদে মুকুল রায়ের বিরোধিতা করে দায়ের হওয়া মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। রাজ্য বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)-র চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসানোর ব্যাপারে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাটি দায়ের করা হয়েছিল কলকাতা হাই কোর্টে। হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ পরবর্তী শুনানির দিন বৃহস্পতিবার ধার্য করেছে।
নিয়ম না মেনে পিএসি চেয়ারম্যান পদে মুকুল রায়কে বসিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, এই অভিযোগে স্পিকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়।
সেই মামলার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত মঙ্গলবার আদালতে জানান, এ নিয়ে তাঁদের আরও অনেক কিছু বলার রয়েছে। তাই হলফনামা জমা দেওয়ার জন্য তিনি আদালতের কাছে দু’সপ্তাহ সময় দেওয়ার আর্জি জানান।




