খবর লাইভ : ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে অনেকবার কেন্দ্রকে বলা হয়েছে। কিন্তু, কোনওরকম উদ্যোগ নেয়নি। ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে এমনই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, নবান্নে ফিরে রিপোর্ট তৈরি করা হবে। বন্যা নিয়ন্ত্রণে আরও পরিকল্পনা প্রয়োজন। আরও ক্যাম্পের প্রয়োজন আছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
ঘাটালে বন্যা কবলিত এলাকা পরিদর্শনের সময় তাঁর সঙ্গে ছিলেন সাংসদ দেব ও সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র। ঝাড়গ্রাম থেকে হেলিকপ্টারে রওনা দিয়ে বেলা ১২টা নাগাদ ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত রয়েছেন প্রশাসনিক আধিকারিকরাও।
ঘাটালে পৌঁছে ঠাকুর অনুকূল চন্দ্রের আশ্রমে যান মুখ্যমন্ত্রী। ঘাটালে বন্যা পরিস্থিতি ঘুরে দেখার পর প্রশাসনের কর্তাদের নিয়ে একটি ছোট বৈঠক করতে পারেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী ঘাটালে ত্রাণ সামগ্রী এবং চেক বিলিও করবেন।




