খবর লাইভ: সোনা জয়ের স্বপ্ন এবারেও অধরা থেকে গেল ভারতীয় হকি দলের। সেমিফাইনালে বেলজিয়ামের কাছে ৫-২ গোলে হারলেন মনপ্রীত সিংরা। তবে ব্রোঞ্জ পদক জয়ের সম্ভাবনা এখনও রয়েছে ভারতীয় দলের।
শুরুর দিকে সমানে সমানে লড়লেও খেলা যত গড়িয়েছে ধীরে ধীরে ম্যাচ থেকে হারিয়ে যেতে থাকে ভারত। একের পর এক পেনাল্টি কর্নার আদায় করে নিতে থাকে বেলজিয়াম। প্রথম কোয়ার্টারে ভারতই এগিয়ে ছিল ২-১ গোলে। দ্বিতীয় কোয়ার্টার থেকে ঘুরে দাঁড়াতে থাকে বেলজিয়াম। ভারত কয়েকটি পেনাল্টি কর্নার পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন গুরজন্ত, হার্দিকরা।
তবে হেরে গেলেও ভারতীয় হকি দলের মানসিকতার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক টুইট বার্তায় তিনি বলেন, “জেতা, হারা জীবনের একটি অঙ্গ। ভারতের ছেলে হকি দল অলিম্পিক্সে তাদের সেরাটা দিয়েছে। সেটাই আসল। পরের ম্যাচের জন্য শুভেচ্ছা রইল। গোটা দেশ তোমাদের জন্য গর্বিত।”




