খবর লাইভ: আদালতে নিয়ে যাওয়ার পথে পলাতক দুই বন্দি। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর সেন্ট্রাল জেলে। ওই দুই বন্দিকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। পুলিশের দাবি, প্রবল যানজটের সুযোগে ভ্যানের জানলার রড বেঁকিয়ে ফাঁক দিয়ে চম্পট দেয় ওই দুই বন্দি। তাদের খোঁজে এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ।
গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। খালি হাতে বন্দিরা কী ভাবে জানলার রড বেঁকাল, তা নিয়ে উঠছে প্রশ্ন। কড়া পুলিশি পাহারা সত্ত্বেও বন্দি পালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে।
গত বছর হলদিয়া থেকে মাদক পাচার-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয় অনিমেষ বেরা এবং বিশাল দাসকে। মঙ্গলবার দু’জনকে মেদিনীপুর সেন্ট্রাল জেল থেকে তমলুক আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু তমলুকে ঢোকার মুখে যানজটে আটকে যায় পুলিশের ভ্যান। পুলিশের দাবি, পুলিশকর্মীরা যানজটে অন্যমনস্ক থাকায় ভ্যানের জানলার রড বেঁকিয়ে, সেখান দিয়ে গলে ওই দুই বন্দি পালিয়ে যায়।
পুলিশ জানিয়েছে, অনিমেষ এবং বিশাল জানলা দিয়ে লাফ দিতেই তাদের ধাওয়া করা হয়। কিন্তু রাস্তায় ভিড় থাকায় বেশি ক্ষণ তাদের ধাওয়া করা যায়নি। সেই সুযোগে দু’জনেই পুলিশের চোখের আড়ালে চলে যায়। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার অমরনাথ কে বলেন, “ভ্যানের জানলা গলে পালিয়েছে দুই বন্দি। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।”




