খবর লাইভ : বিজেপিকে রুখতে এবার কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী দলগুলিকে নিয়ে নতুন জোট গড়ার উদ্যোগ নিলেন এনসিপি নেতা শরদ পওয়ার। আগামিকাল মঙ্গলবার কংগ্রেস ছাড়া সব বিরোধী দলের নেতাদের নিয়ে এক বৈঠকে বসছেন তিনি। ভোট কুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে দ্বিতীয়বার বৈঠকের পরেই পওয়ারের এমন উদ্যোগ নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও কংগ্রেসের পক্ষ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।
সূত্রের খবর, আগামী লোকসভা ভোটে বিজেপিকে রুখতে অকংগ্রেসি বিরোধী দলগুলিকে নিয়ে এক জোট গড়তে চান এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার। কংগ্রেস সম্পর্কে যেহেতু বসপা, সপা, টিআরএস, বিজেডি সহ একাধিক বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের আপত্তি রয়েছে, তাই ওই সোনিয়া গান্ধির দলকে নয়া মঞ্চে ঠাঁই দেওয়া হচ্ছে না। শুধু নতুন জোট গড়া নয়, এখন থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প মুখ চূড়ান্ত করে আগামী তিন বছর ধরে বিজেপির বিরুদ্ধে যাতে জোটবদ্ধভাবে লড়াই করা যায়, সেই উদ্যোগও নিয়েছেন এনসিপি সুপ্রিমো।
গত ১১ জুনই মুম্বইতে ভারতীয় রাজনীতির অন্যতম স্ট্রংম্যান শরদ পওয়ারের সঙ্গে ঘন্টা তিনেক বৈঠক করেছিলেন দেশের সেরা ভোট কুশলী প্রশান্ত কিশোর। ফের রবিবার নয়াদিল্লির বাসভবনে এনসিপি সুপ্রিমোর সঙ্গে বৈঠক করেছেন তিনি। দেড় ঘন্টা ধরে চলা ওই বৈঠকে বিজেপিকে কীভাবে রোখা যাবে, তা নিয়ে দু’জনের মধ্যে আলোচনা হয়। ইতিমধ্যেই অকংগ্রেসি একাধিক দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে এনসিপি সুপ্রিমোকে বিশেষ বার্তা পাঠিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ডুবন্ত জাহাজ এবং দেশের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়া কংগ্রেসকে বাদ দিয়ে নতুন কোনও জোট গড়লে, তাতে সামিল হতে রাজি।’




