খবর লাইভ : সাংসদ জন বার্লার পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবির পর এবার বিষ্ণুপুরের বিজেপি সাংসদের নতুন দাবি। তাঁর দাবি, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরের এলাকা বিশেষ নিয়ে পৃথক জঙ্গলমহল রাজ্য গড়ে তুলতে হবে।
সৌমিত্রর বক্তব্য, ‘মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে বহিরাগত বলতে পারেন, আমরা রাঢ়বঙ্গের ছেলেরা বলব মুখ্যমন্ত্রী বহিরাগত। পশ্চিমবঙ্গবাসী হিসেবে বলব, মুখ্যমন্ত্রী যেভাবে বহিরাগত শব্দ এনেছেন, তাতে এই দাবি উঠবেই। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ৫০ কিমির মধ্যে ২৩ জন মন্ত্রী রয়েছেন। আমাদের এলাকার মানুষ বঞ্চিত। রাঢ়বঙ্গের যুবকদের চাকরি নেই। আমাদের এলাকার সম্পত্তি রাজ্যের কোষাগারে যাচ্ছে। আমরা কিছু পাচ্ছি না। আগামী দিনে রাঢ়বঙ্গ থেকেও দাবি উঠবে। বাংলা নয়, বাংলা কোনও দেশের নাম নয়, বাংলা বাংলা বলে পশ্চিমবঙ্গকে বাংলা করছেন। আমরা বলছি পশ্চিমবঙ্গ। বাংলা বলে নতুন দেশ তৈরির করার চেষ্টা করছেন। কারণ, ওঁর প্রধানমন্ত্রী হওয়ার শখ। আমরা রাঢ়বঙ্গকে রাজ্য করার দাবি জানাব। পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবিও জানাবো।’ জন বার্লার পরে সৌমিত্রের এই দাবি সন্দেহ নেই রাজ্যে বিচ্ছিন্নতাবাদ আন্দোলনে অনেকটাই মদত দেবে।
জন বার্লার দাবি নিয়ে শোনা যাচ্ছে রাজ্য বিজেপির অন্দরে নাকি জোর বিতর্ক শুরু হয়ে গিয়েছে। এমনকি এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ নিজে নাকি বার্লার সঙ্গে কথা বলেছেন। কিন্তু তাতে চিঁড়ে ভেজেনি। এখনও বার্লা তাঁর দাবিতে অনড়। দিলীপ যদিও এখনও বলছেন, ‘বিজেপি এ ধরনের কোনও দাবিতে বিশ্বাস করে না। আমরা এটা মানি না। বিজেপি অখন্ড পশ্চিমবঙ্গেই বিশ্বাসী।’



