খবর লাইভ : রাজ্য জুড়ে লাগাতার বৃষ্টি চলছে গত দুদিন ধরে। এই বৃষ্টির জেরেই জলমগ্ন কলকাতা শহরতলি ও রাজ্যের একাধিক এলাকা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফর বাতিল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটাই ছিল তাঁর প্রথম উত্তরবঙ্গ সফর। ২১ জুন তাঁর উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল।
২০২১ বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার পর এটাই ছিল মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর। কলকাতায় অতিবৃষ্টির কারণে মমতা উত্তরবঙ্গের সফর বাতিল করেন। বৃহস্পতিবার শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের তরফে এই কথা জানান গৌতম দেব। কিছুদিন আগে ঘূর্ণিঝড় যশের ফলে উপকূলবর্তী বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছিল। তারই মধ্যে ফের ভরা কোটালের সম্ভাবনা ও গত দু’দিন টানা বৃষ্টির ফলে অবস্থার অবনতি হয়েছে। সেই সমস্ত বিষয় সরেজমিনে দেখতেই আপাতত উত্তরবঙ্গ সফর বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। লোকসভা নির্বাচনের পর একুশের বিধানসভা নির্বাচনেও উত্তরবঙ্গে কার্যত পরাজিতই দল। বেশ কিছু আসন খোয়াতে হয়েছে। নির্বাচনের ফল ঘোষণার এতদিন পর মূলত হারের পর্যালোচনা ও সাংগঠনিক স্তরের কী কী ফাঁকফোকড় রয়েছে তা নিয়ে পর্যালোচনা করতেই এই সফর ছিল তাঁর। সেই সঙ্গে নেত্রী হিসাবে দলীয় কর্মীদের নতুনভাবে আত্মবিশ্বাসী করে তুলতে বেশ কিছু কর্মসূচি ছিল এই সফরে। কীভাবে পুনরায় উত্তরবঙ্গে নিজেদের জমি উদ্ধার করা সম্ভব, তা নিয়ে সাংগঠনিক স্তরে আলোচনা করার কথা ছিল তাঁর। তবে মুখ্যমন্ত্রীর এই সফরসূচিতে কিছু প্রশাসনিক বৈঠকও ছিল যা বাতিল করা হয়েছে।
প্রসঙ্গত, শিলিগুড়িতেই উত্তরবঙ্গের ৫ জেলার প্রশাসনিক বৈঠক করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু বৈঠক শিলিগুড়িতে হলে প্রশাসনিক আধিকারিকদের নিজেদের জেলা ছেড়ে সেখানে আসতে হত। ফলে কোনও কারণে বৃষ্টির জেরে জরুরি পরিস্থিতি তৈরি হলে ত্রাণ ও উদ্ধারকাজে দেরি হতে পারে। সেইসব বিষয় মাথায় রেখে আপাতত সফর বাতিল করেছেন মমতা।




