খবর লাইভ : একদিকে যখন এসএসসি নিয়োগ দুর্নীতি এবং প্রাইমারি টেট দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে তোলপাড়, ঠিক সে সময় নিয়োগ সংক্রান্ত দুর্নীতির জেরে তদন্তে নেমেছে সিআইডি (CID)। অভিযোগ উঠেছে, বিজেপির দুই সাংসদ এবং দুই বিধায়ক সহ ৮ জন নদীয়ার কল্যাণীর এইমসে প্রভাব খাটিয়ে আত্মীয়দের চাকরি দিয়েছেন।
ইতিমধ্যে এফআইআর করা হয়েছে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার, রানাঘাট লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা, চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ, কল্যাণী এইমসের এক্সিকিউটিভ ডিরেক্টর রামজি সিং সহ মোট আটজনের বিরুদ্ধে।
অন্যদিকে জানা গিয়েছে, সিআইডি তদন্ত সূত্রে বুধবার ৪ সদস্যের প্রতিনিধি দল চাকদা বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষের বাড়িতে যায়। সেখানে বঙ্কিম ঘোষের পুত্রবধূকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় দেড় ঘন্টা সিআইডি প্রতিনিধি দল বঙ্কিম ঘোষের বাড়িতে থাকেন।
সূত্রের খবর, সিআইডি আসলেও বাড়িতে বিধায়ক বঙ্কিম ঘোষ উপস্থিত ছিলেন না। এই নিয়ে উঠছে প্রশ্ন। তবে এই প্রসঙ্গে বঙ্কিম ঘোষের বাড়ির লোক কিংবা সিআইডি আধিকারিকরা কেউ কোনো প্রতিক্রিয়া জানাননি।




