খবর লাইভ : দেশজুড়ে করোনার দ্বিতীয় ঢেউ নিম্নমুখী। অথচ সংক্রমিতের সংখ্যা হ্রাসের ধারাবাহিকতা মোটেই চোখে পড়ছে না। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ২০৮ জন। অন্যদিকে, এই একই সময়ে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের।
এখনও পর্যন্ত দেশে মোট প্রাণ হারালেন ৩ লক্ষ ৮১ হাজার ৯০৩ জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ২৬ হাজার ৭৪০। যা গত ৭১ দিনে সর্বনিম্ন। গত ২-৩ সপ্তাহ ধরে লাগাতার দৈনিক সংক্রমণ কমতে থাকায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা এখন অনেকটাই কম। করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হানার পর একটা সময় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছিল। কিন্তু ক্রমাগত সচেতনতার প্রচার, কড়া বিধি নিষেধ এবং টিকাকরণের ফলে তা আবার ঘুরে দাঁড়িয়েছে। এখনও পর্যন্ত সারা দেশের ২৬ কোটি ৫৫ লক্ষ ১৯ হাজার ২৫১ জনকে টিকা দেওয়া হয়েছে। ২১ কোটির বেশি মানুষ প্রথম ডোজ পেয়েছেন, দ্বিতীয় ডোজ পেয়েছেন প্রায় ৫ কোটি দেশবাসী।




