খবর লাইভ: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেন কোণঠাসা হয়ে পড়ায় কিয়েভের হাতে আরও অস্ত্র তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা বাড়িয়ে পালটা মার্কিন অস্ত্রবোঝাই গাড়িতে হামলা চালানোর হুমকি দিয়েছে রাশিয়া।
রয়টার্স সূত্রে খবর, শনিবারই আমেরিকা ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে অতিরিক্ত ২০০ মিলিয়ন মার্কিন ডলার বা ২০ কোটি ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১,৫০০ কোটি টাকার অস্ত্র ও সরঞ্জাম পাঠাবে। পেন্টাগন সূত্রে খবর, মার্কিন হাতিয়ারগুলির মধ্যে থাকছে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, অ্যান্টি এয়ারক্রাফ্ট গান ও অন্যান্য মিসাইল। এই খবর প্রকাশিত হওয়ার পরই হোয়াইট হাউসকে সতর্ক করে ক্রেমলিন জানিয়েছে, তারা এ বার ইউক্রেনে অস্ত্রবহনকারী কনভয়গুলোকে লক্ষ্য করেই হামলা চালাবে।
এদিকে, ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, ‘‘মারিওপোল, খারকভ, চেরনিহিভ-সহ একাধিক শহরে বোমাবর্ষণ করেছে রাশিয়া। খেরসন শহরে জনসমর্থন পেতে রাশিয়া সেখানে একটি গণভোটও পরিচালনা করার পরিকল্পনা করেছে।’’




